নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিন শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে সাতবাড়িয়া নতুন বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন লিবিয়া প্রবাসী শফিকুল ইসলাম, লাভলু ফকির ও শারমিন সুলতানাসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, সাতবাড়িয়া গ্রামের সন্তান আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। একসময় তিনি বিদেশে ছিলেন। সেখানে কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকায় মার্কেট নির্মাণসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতাও করে আসছেন।
তাদের অভিযোগ, গ্রামের একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাউদ্দিন শেখকে নিয়ে নানা ধরনের গুজব ও অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তার মানবিক কর্মকাণ্ড ও দানশীলতাকে কেন্দ্র করে একটি পক্ষ হিংসাত্মক আচরণ করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচারের কারণে এলাকায় বিভেদ ও রেষারেষি বাড়ছে। এতে স্থানীয় শান্তিপূর্ণ পরিবেশও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।








