সারাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রিন্ট
মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. দীপ সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ভীষ্মদেব মণ্ডল এবং উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

আলোচনা সভায় ডা. রায়হান ইসলাম শোভন মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, নবজাতকের জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই মায়ের দুধ পান করানো গেলে শিশুমৃত্যুর ঝুঁকি প্রায় ৩১ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হলে শিশুমৃত্যুর হার আরও ১৩ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

তিনি আরও বলেন, শিশুর জন্মের পর প্রথম যে শালদুধ (কলোস্ট্রাম) আসে, সেটি অত্যন্ত পুষ্টিকর এবং শিশুর জন্য প্রথম টিকার মতো কাজ করে। এটি নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় তিনি আরও জানান, জন্মের পর ৭২ ঘণ্টার মধ্যে মায়ের দুধ কম এলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ সময় শিশুকে নিয়মিত মায়ের বুকের দুধ খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে এবং পরিবার ও সমাজের সবাইকে মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবজাতকের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ