জাতীয়

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অস্ত্রের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কৃত করার কথাও জানিয়েছে বাহিনীটি।

⎙ প্রিন্ট
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্রের তথ্য দিলেই পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি

দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অস্ত্রের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কৃত করার কথাও জানিয়েছে বাহিনীটি। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। এসআরবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় এখনো লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র ছড়িয়ে থাকার তথ্য রয়েছে। বিশেষ করে বিভিন্ন সময় থানা বা অন্যান্য স্থান থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এসব অস্ত্রের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

ইন্তেখাব চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেউ অস্ত্র নিয়ে গিয়ে থাকলেও পরবর্তী সময়ে আইনি জটিলতার আশঙ্কায় তা ফেরত দিতে দ্বিধায় থাকতে পারেন। এমন ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অস্ত্র সরাসরি কারও হাতে তুলে না দিয়েও নিরাপদ কোনো স্থানে রেখে সেই অবস্থান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেতে পারে বলে এসআরবি জানিয়েছে। কোনো নির্দিষ্ট স্থানে কতটি পিস্তল, রাইফেল, ম্যাগাজিন বা গুলি রয়েছে—এ ধরনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করবে।

 এভাবে সহযোগিতা করা ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে এসআরবি। এর আগে সরকার অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য অস্ত্রের ধরন অনুযায়ী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয়। বিভিন্ন অঞ্চলেও হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। 

এসআরবির কর্মকর্তারা বলছেন, অবৈধ অস্ত্র অপরাধীদের হাতে থেকে গেলে জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই এসব অস্ত্র দ্রুত উদ্ধার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাগরিকদের সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। 

গত ১৬ সেপ্টেম্বর এসআরবি আইন-২০২৬-এর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বাহিনীটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নতুন বাহিনীটির পক্ষ থেকে কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে জনগণকে সম্পৃক্ত করে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। 

অস্ত্রের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এসআরবি।

সম্পর্কিত সংবাদ