বাপেক্সের বিশেষজ্ঞ টিমের স্যাম্পল সংগ্রহ সমাপ্ত
সাংবাদিকদের প্রশ্নের মুখে গোপনীয়তার কথা বলে জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা বাপেক্সের বিশেষজ্ঞ টিমের
গতকাল রাতে গ্যাসের গন্ধযুক্ত আগুনের উৎপত্তিস্থলে এসে বাপেক্স টিমের সদস্যরা আজ সকাল থেকে স্যাম্পল সংগ্রহ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছিল তা আজ বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে। ঢাকা বাপেক্সের ল্যাবরেটরিতে পরীক্ষা করে রিপোর্ট দেখে বিস্তারিত জানা যাবে বলে তারা সাংবাদিকদের জানান। গোপনীয়তার স্বার্থে এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে।এদিকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার উখিয়ার ছোট ইনানীর ছোট খাল এলাকার স্থানীয়দের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। নলকূপ থেকে গ্যাস উদগীরণ স্থল এবং আশেপাশের এলাকায় যেকোন মুহুর্তে বিস্ফোরণ ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই আগন্তুক ও স্থানীয়দের গ্যাস আগুন উৎপত্তিস্থল থেকে অন্তত ২০০ মিটার অর্থাৎ ৬০০ ফিট দূরবর্তী স্থানে অবস্থানের জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপদ দূরত্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাপেক্সের আগত সদস্যরা, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল সকাল থেকে ইনানীতে গ্যাসের আগুনের সূত্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রায় ৩৮০০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুনের ঘটনায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং আজ বুধবার সন্ধ্যা নাগাদ বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম কায়জার নুর। ধারণা করা হচ্ছে ইনানীর গ্যাসের আগুন আরো দুই সপ্তাহ জ্বলতে পারে । জনগণের নিরাপত্তা ও ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের অন্তত ২০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করার করা জানান স্থানীয় প্রশাসন।








