রাজধানীর গাবতলীতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির ছুরিকাঘাতে আনুমানিক ২০ বছর বয়সী এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গাবতলী আল্লাহর দান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই রিকশাচালকের পিঠে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ। তবে কী কারণে ওই রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে এবং হামলাকারীদের পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।








