দূর্গা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর নদীসহ বেশ কয়েকটি স্থানে আলাদা আলাদাভাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।। আসাদুজ্জামান বাবুল,দূর্গা পূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর নদী, জেলা সদরের সাতপাড় ও কাশিয়ানীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নানা বয়সী হাজার হাজার মানুষের সমাগমে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোটালীপাড়ার ঘাঘর নদী ও মধুমতি নদীর বিলরুট ক্যানেলে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।কোন ব্যক্তি বা সংগঠনের আয়োজন ছাড়াই প্রতিবছর দূর্গা পূজা বিজয়া দশমীর দিনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।এসব নৌকা বাইচ দেখতে বিকেল থেকেই নদীর দু’পাড়ে জড়ো হতে থাকেন হাজার হাজার দর্শনার্থী। এ বছর কোটালীপাড়ার আশপাশের এলাকা ছাড়াও মাদারীপুর বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক এ নৌকা বাইচ উপভোগ করতে আসেন। আলাদা আলাদা অনুষ্ঠিত নৌকাবাইচে বিভিন্ন নামের প্রায় ৩৫টি নৌকা এ বাইচে অংশ নেয়। এলাকার অধিকাংশ লোকই প্রতি বছর এ দিনটির জন্য অপেক্ষা করে। অনেকে গ্রামের বাইরে গিয়ে নানা কাজে শহরে জীবন যাপন করেন। কিন্তু, এদিন তারা কাটান একেবারেই গ্রাম্য পরিবেশে আর গ্রামীণ সংস্কৃতির সঙ্গে।কথিত আছে যে আজ থেকে প্রায় দেড়শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গা পূজার বিজয়া দশমীর দিন এখানে মেলা ও নৌকাবাইচের আয়োজন করেছিলেন। সেখান থেকেই প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলার সব ধর্মের লোকজন এই নৌকাবাইচে অংশ নেন।নদী খাল-বিলবেষ্টিত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মী পূজায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এসব বাইচ আয়োজন করতে হয়না। এই নৌকাবাইচে কাউকে পুরস্কারও দেওয়া হয়না। কোটালীপাড়ার এ নৌকাবাইচ একটি ব্যতিক্রমী আয়োজন।








