সারাদেশ

চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১

প্রিন্ট
চাটখিলে সাবেক সমন্বয়কের ওপর হামলা, দফায় দফায় সংঘর্ষে আহত ১১
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়কের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৯ আগস্ট বিকেলে হাটপুকুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন ও তার ভাই সোহাগের নেতৃত্বে রনি, ফাহাদসহ ৭-৮ জনের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাটখিল উপজেলার সাবেক সমন্বয়ক সামির হোসেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

‎এ সময় সোহাগ ও শাহাবুদ্দিনের অপর ভাই, স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে।

‎খবর পেয়ে সামিরকে উদ্ধার করতে এগিয়ে এলে হাটপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিন (শাহিন মাস্টার) ও ছাত্রদল নেতা শরিফুর রহমান আপনও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। প্রথম দফার হামলার পর ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিতে চাটখিল থানায় আসেন।

‎এ সময় থানার পাশের মহাসড়কে সোহাগের নেতৃত্বে চাটখিল পৌরসভা জামায়াত-শিবিরের এক নেতার ওপর দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে। এতে রবিউল,সুজন ও শাহীন নামে আরও তিনজন আহত হন।

‎পরে হামলার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎একপর্যায়ে পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শাহাবুদ্দিন ও তার ভাই সোহাগসহ আরও পাঁচজন আহত হন বলে জানা গেছে। দুই দফা সংঘর্ষে আহত ১১ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

‎চাটখিল থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থেকে লিখিত পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ