আন্তর্জাতিক

বিদেশি কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫% বেড়েছে, শীর্ষে চীন

প্রিন্ট
বিদেশি কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫% বেড়েছে, শীর্ষে চীন
ছবি: সংগৃহীত

বিদেশের বিভিন্ন কারাগারে গত চার বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যা। বর্তমানে বিশ্বের ৫৪টি দেশে মোট ১ হাজার ৩২৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাবন্দি রয়েছেন, যা ২০২২ সালের তুলনায় ২৫ দশমিক ৬ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানায়।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা কিম জুন-হোয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে জানান, চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত বিদেশের বিভিন্ন কারাগারে ১ হাজার ৩২৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বন্দি রয়েছেন। ২০২২ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৫৫ জন।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাবন্দি রয়েছেন চীনে, যেখানে বন্দির সংখ্যা ৪২৪ জন। এরপর রয়েছে জাপানে ২৫৪ জন, ভিয়েতনামে ২০৪ জন, যুক্তরাষ্ট্রে ১৩৮ জন, ফিলিপাইনে ৬১ জন, কম্বোডিয়ায় ৫৪ জন এবং থাইল্যান্ডে ৪৩ জন।

সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে ভিয়েতনামে। ২০২২ সালে সেখানে মাত্র ৪২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক কারাবন্দি ছিলেন। চার বছরের ব্যবধানে সেই সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২০৪ জনে।

অপরাধের ধরন অনুযায়ী, প্রতারণার মামলায় সবচেয়ে বেশি ৩৩২ জন কারাবন্দি রয়েছেন। মাদক-সংশ্লিষ্ট অপরাধে বন্দি ২৯১ জন, হত্যা মামলায় ১২৮ জন, জুয়ার অভিযোগে ৯১ জন, চুরির মামলায় ৬৯ জন এবং যৌন নিপীড়ন বা হয়রানির অভিযোগে ৫২ জন কারাগারে রয়েছেন।

এ ছাড়া সংগঠিত অপরাধচক্রের সঙ্গে সংশ্লিষ্ট অপহরণের অভিযোগে আরও ৩৪ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বিদেশের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। এসব ঘটনার মধ্যে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

সম্পর্কিত সংবাদ