জাতীয়

বাহরাইনে বাংলাদেশিদের জরুরি নির্দেশনা, সামাজিক মাধ্যমে সতর্কতার আহ্বান

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও প্রবাসীদের দেশটির স্থানীয় আইন, বিধি-বিধান এবং কর্মস্থলের নীতিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মানামায় বাংলাদেশ দূতাবাস।

⎙ প্রিন্ট
বাহরাইনে বাংলাদেশিদের জরুরি নির্দেশনা, সামাজিক মাধ্যমে সতর্কতার আহ্বান
ছবি সংগৃহীত

বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও প্রবাসীদের দেশটির স্থানীয় আইন, বিধি-বিধান এবং কর্মস্থলের নীতিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মানামায় বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে সাইবার আইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি বাহরাইনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে বলা হয়েছে। 

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ এবং ইতিবাচক কাজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন। তবে নিজের চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থল সম্পর্কিত কোনো তথ্য, ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা সম্পর্কে নিশ্চিত হতে হবে। অনুমতি ছাড়া সংবেদনশীল তথ্য বা কর্মস্থলের ছবি-ভিডিও প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

একই সঙ্গে বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনা এবং নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল স্থানের ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশের ক্ষেত্রেও স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে। বাহরাইনের আইন লঙ্ঘন হতে পারে এমন কোনো অনলাইন কর্মকাণ্ডে অংশ না নেওয়ার বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে নির্দেশনায়। নিজের কিংবা অন্য কারও পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে। এসব তথ্য প্রকাশ পেলে প্রতারণা বা অন্য ধরনের সাইবার ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। 

অনলাইনে ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য কিংবা বিতর্কে অংশ নেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। যাচাই না করে গুজব, ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া কিংবা উসকানিমূলক ও বিতর্কিত অনলাইন কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসীদের। এ ছাড়া ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসার প্রস্তাব, অল্প সময়ে বেশি অর্থ আয়ের প্রলোভন এবং সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তি বা উৎস থেকে পাঠানো সন্দেহজনক লিংক, বার্তা কিংবা ফাইলে প্রবেশের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

দূতাবাসের নির্দেশনায় আরও বলা হয়েছে, নিষিদ্ধ কোনো সংগঠন বা উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, প্রচার বা সমর্থনমূলক প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি যাচাই ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা অনলাইন তহবিলে অর্থ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। মানামায় বাংলাদেশ দূতাবাসের সরকারি ওয়েবসাইটেও বাংলাদেশি কমিউনিটির জন্য অনলাইন নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নির্দেশনা প্রকাশের তথ্য রয়েছে। দূতাবাসের মূল বার্তা হলো—প্রবাসে অবস্থানকালে ব্যক্তিগত ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি অনলাইন আচরণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের আইন ও সামাজিক রীতিনীতির প্রতি সচেতন থাকতে হবে। কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে তা স্থানীয় আইন কিংবা কর্মস্থলের নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের।

সম্পর্কিত সংবাদ