৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ছাড়েন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন।
অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।
এরপর সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশ নেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
এ ছাড়া দুই দেশে অবস্থানকালে বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, নয় দিনের এ সরকারি সফরে আন্তর্জাতিক সামরিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান।








