ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। একই ঘটনায় দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের চুমুরদী ইউনিয়নের দিকে যাওয়ার পথে পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করি এবং আহতদের চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে, আর স্থানীয়দের মধ্যে নেমে এসেছে ক্ষোভ ও আতঙ্ক।
আপনার মতামত লিখুন