গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রাস্তা-ঘাট ও প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা শুধু পরিবেশকে সুন্দর করে না, বরং মানুষের অন্তরকেও পরিষ্কার থাকতে সাহায্য করে। শনিবার সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে এমপি নজরুল ইসলাম বলেন, সমাজে ন্যায়, সুবিচার ও সমতা প্রতিষ্ঠার জন্য বাহ্যিক পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, “আমরা জনগণের স্বার্থে কাজ করে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। পরিচ্ছন্নতা মানুষের মানসিক ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।”
তিনি এ সময় স্থানীয়দের আহ্বান জানান, রাস্তা-ঘাট, চত্বর ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তার মতে, পরিচ্ছন্ন পরিবেশ সমাজকে আরও সুশৃঙ্খল ও উন্নয়নবান্ধব করে তোলে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিটি এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে কর্মসূচি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরটি পরিচ্ছন্ন করা হয়।
আপনার মতামত লিখুন