বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আকতার শম্পা (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী রিয়াজুল জান্নাতকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। স্বজনদের দাবি যৌতুক না পেয়ে শম্পাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা রিয়াজুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়াপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।
স্বজনরা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসখানেক আগে শম্পা ও রিয়াজুল পালিয়ে বিয়ে করেন। পরে তারা শহরের কৈপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। কিন্তু বিয়ের পরপরই রিয়াজুল ৬ লাখ টাকা ও আর ওয়ান ফাইভ মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করতে থাকে।
যৌতুক দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় শম্পার ওপর শারীরিক নির্যাতন।
স্বজনদের অভিযোগ, সেই নির্যাতনের ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় রিয়াজুল শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে এবং এটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। শম্পার এক চাচা জানান, “ঘটনার মাত্র ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন করে জানিয়েছিল—তার স্বামী তাকে মারতে চাচ্ছে, তাকে যেন বাঁচিয়ে নেওয়া হয়।” ফোনের কিছুক্ষণের মধ্যেই স্বজনরা ভাড়া বাড়িতে গিয়ে জানালার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শম্পার মৃতদেহ দেখতে পান।
পরিস্থিতি দেখে স্বজনেরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন