নওগাঁর মান্দা উপজেলার সাবাই বাজারে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে সরকারিভাবে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বাজার সংলগ্ন সরকারি খাস জায়গা পাশেই থাকা সত্ত্বেও নন-মিউনিসিপ্যালিটি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের জন্য ব্যক্তিগত সম্পত্তির ফাঁকা জায়গা বেছে নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত আবেদনও করেন। আবেদনে উল্লেখ করা হয়, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই জমিতে তারা হাটের দিন ব্যবসা-বাণিজ্য করে জীবনধারণ করেন। কিন্তু সম্প্রতি কারো প্রস্তাবের ভিত্তিতে তাদের ব্যক্তিগত মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। স্থানীয় প্রকৌশলীরাও ওই স্থানে রাস্তা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ব্যক্তিগত জমির উপর রাস্তা হলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই ব্যক্তি মালিকানাধীন অংশ বাদ দিয়ে পাশের খাস জায়গা ব্যবহার করার দাবি জানান তারা।
এদিকে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তা নির্মাণের কাজ শুরু করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বুধবার সকালে ভুক্তভোগীরা ওই স্থানটিতে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান তাদের বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল এর কাছে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ভুক্তভোগী ফকির চাঁদ মোল্লা, বেলাল হোসেন গংরা জানান, বিষয়টি তদন্ত করে ন্যায়সংগত সমাধান নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে জানান তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, এ বিষয়ে একটি আবেদন পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।a
আপনার মতামত লিখুন