৩৭ বছর ধরে পত্রিকা ফেরি : বদলায়নি ভাগ্য সংবাদপত্র বিক্রেতা আব্দুস সালামের
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
সুবল চন্দ্র দাস, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
‘নুন আনতে পান্তা ফুরায়’— কথাটি যেন জীবন্ত হয়ে উঠেছে বালাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সংবাদপত্র বিক্রেতা আব্দুস সালামের জীবনে। গত (৩৭ বছর) প্রায় ৩ যুগ ধরে তিনি বাইসাইকেল নিয়ে প্রতিদিন ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করেন। সংবাদপত্র পৌঁছে দেন উপজেলা প্রশাসন, আদালত, থানা, ব্যাংক, এবং বিভিন্ন অফিস থেকে শুরু করে দোকান ও চা–স্টল পর্যন্ত।
মো. আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুস সালাম একসময় সুখে-শান্তিতে কাটতো তার সংসার জীবন। তিনি বলেন, “আগে প্রচুর পরিমাণ পত্রিকা বিক্রি করে সংসার খুব ভালোভাবে চালাতে পারতাম। স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে তখনকার সময় খুবই ভালো ছিলাম। কিন্তু এখন ফোনের যুগ— আগের মতো কেউ আর পত্রিকা পড়ে না, তারা ফোনের মধ্যে সকল প্রকার সংবাদ পেয়ে যায়, এজন্য এখন আর কেউ পত্রিকা নিতে চায় না। অনেক কষ্টের মধ্য দিয়েই আমার দিন কাটছে।”
আব্দুস সালাম একসময় স্বপ্ন দেখেছিলেন সন্তানদের লেখাপড়া শেখাবেন, একদিন হয়তো নিজের একটি ঘর হবে। কিন্তু সময়ের নির্মম বাস্তবতা তার সেই স্বপ্নগুলোকে কেবলই কাগজের পাতায় মুদ্রিত গল্প বানিয়ে রেখেছে। জীবনের শেষ প্রান্তে এসে ক্লান্ত শরীরেও তিনি এখনো হাল ছাড়েননি। ভোরের আলো ফোটার আগেই সংবাদপত্র সংগ্রহ করে বেরিয়ে পড়েন সাইকেলে করে— ওসমানীনগর থেকে বালাগঞ্জ পর্যন্ত পথে পথে খবরের কাগজ বিলি করতে।
তিনি আরও বলেন, “কি করব, ভাগ্যে যা লেখা আছে তাই হচ্ছে। আমি হয়তো পত্রিকা বিক্রি করি, কিন্তু সম্মানের সঙ্গে সবার সামনে দাঁড়াতে পারি— এটাই আমার গর্ব। মৃত্যুর আগ পর্যন্ত যেন সম্মানের সহিত বেঁচে থাকতে পারি, এই দোয়াই করি।”
এক ছেলে ও তিন মেয়ের জনক আব্দুস সালাম প্রতিদিন, দিন শেষে গড়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন। এই অল্প আয় দিয়ে তিনি কোনোমতে সংসার চালান। তবুও তার মুখে থাকে হাসি— নেই কোনো অভিযোগ। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, যতটুকু পাই তাতেই সন্তুষ্ট আছি।”
তার জীবনের গল্প শুধু দারিদ্র্যের নয়—এ এক সংগ্রামী, পরিশ্রমী ও আত্মসম্মানবোধে ভরপুর মানুষের কাহিনি।
যে মানুষ প্রতিদিন সমাজের প্রতিটি স্তরে খবরের কাগজ পৌঁছে দেন, অথচ নিজের জীবনের কষ্টের খবর রাখে না কেউ।
যদি কোনো মানবতার ফেরিওয়ালা আব্দুস সালামের পাশে দাঁড়াতে চান, সহানুভূতির হাত বাড়াতে চান—তাহলে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগ : ০১৭২০৪০০৬৮০
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭ প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ
আপনার মতামত লিখুন