রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়ায় গোপন অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৯ নভেম্বর দুপুর ৩টার দিকে বগুড়া মহাসড়কে দেবীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা, হত্যাচেষ্টা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া একাধিক মামলায় লিংকন চৌধুরী দীর্ঘদিন পলাতক ছিলেন। আগস্টের পর সরকারের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগেও তার নাম উঠে আসে বলে জানান তিনি।
ডিআইজি আরও বলেন, বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন লিংকন চৌধুরী। বৈষম্যবিরোধী আন্দোলনে অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য হিসেবেও তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বগুড়া সদর থানার ফুলবাড়ী ফাঁড়ির সহায়তায় এই অভিযান চালানো হয়। থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে রংপুর ডিবি পুলিশের একটি টিম তাকে বগুড়া থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তাকে রংপুরে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন