অপরাধ ও দুর্ণীতি

টাঙ্গাইলে ধর্ষণ মামলার রায়, যাবজ্জীবন কারাদন্ড - ৬ জন

⎙ প্রিন্ট
টাঙ্গাইলে ধর্ষণ মামলার রায়, যাবজ্জীবন কারাদন্ড - ৬ জন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ওমরাও খান দীপু জানিয়েছেন, প্রত্যেক দণ্ডিতকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে ভুক্তভোগী নারী এক স্বজনের কাছ থেকে ধার নেওয়া ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে জোরপূর্বক একটি টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। একই সঙ্গে তাঁর মোবাইল ফোন ও সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। ঘটনার পরদিন তিনি দেলদুয়ার থানায় মামলা করেন।

পুলিশের তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজন মিয়া, মো. রিফাত, আব্দুর রউফ, বিপ্লব মিয়া, মো. আমির হামজা ও আল আমিন। রায়ের পর তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন কি না, তা নিশ্চিত করা যায়নি। 


সম্পর্কিত সংবাদ