জাতীয়

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি আসতে পারে দুদিনের মধ্যে

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

প্রিন্ট
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি আসতে পারে দুদিনের মধ্যে

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আগামী ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত সেই সফর অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সফরসূচি আগামী এক থেকে দুই দিনের মধ্যে নির্ধারণ হতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।

জেলা প্রশাসক জানান, ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। দ্রুতই নতুন তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছিল জেলা প্রশাসন। নিরাপত্তা, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এর আগে সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে সফরসংক্রান্ত চিঠি পাঠানো হয়। সেখানে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফর করবেন এবং সফর শেষে ৩১ আগস্ট ঢাকায় ফিরবেন।

চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের যাতায়াত, অবস্থান ও যানবাহনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছিল। বিস্তারিত কর্মসূচি এবং অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা পরবর্তী সময়ে পাঠানোর কথাও উল্লেখ ছিল।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফর হওয়ার কথা ছিল। ফলে সফরটি ঘিরে স্থানীয় পর্যায়ে আগ্রহের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে প্রস্তুতি চলছিল।

তবে সফর স্থগিত হওয়ায় এসব প্রস্তুতিও আপাতত বন্ধ রয়েছে। নতুন সফরসূচি ঘোষণা হলে প্রয়োজনীয় কার্যক্রম আবার শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সম্পর্কিত সংবাদ