রাজধানীর কদমতলী ও শাহবাগ থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কদমতলীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিক মারা যান। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনির আখড়ার ২৪ ফুট রাস্তার ৮ নম্বর রোডে সাফা টাওয়ার নামে নির্মাণাধীন একটি ভবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন জোসনা বেগম। দুপুর আনুমানিক ১টার দিকে ভবনটির পঞ্চম তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে তিনি নিচে পড়ে যান বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোসনার স্বামী মধু মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে তারা শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় বসবাস করতেন।
অন্যদিকে, একই দিন বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের সামনে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন হাসপাতালের কর্মীরা। তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি।








