এক্সক্লুসিভ

নওগাঁর পোরশায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

প্রিন্ট
নওগাঁর পোরশায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি বলে জানা গেছে।


মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার অফিসার ইনচার্জকে জানান, উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি পড়ে রয়েছে।


সংবাদ পাওয়ার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পায় পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।


পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। প্রাথমিকভাবে মূর্তিটির মূল্য ১০ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এটি প্রকৃতপক্ষে কষ্টিপাথরের তৈরি কি না, তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।


উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ