দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।
অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা মির্জা ফখরুলকে দেশের জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।
একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও নীতিনিষ্ঠ ব্যক্তি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা আরও সমুন্নত রাখবেন বলেও প্রত্যাশা করেন ড. ইউনূস।
নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে—এমন আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন ড. ইউনূস।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।








