জুলাই হত্যা ও আন্দোলন দমনসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার বিবরণে জানা যায়, আন্দোলন দমনে রাষ্ট্রীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, সহিংসতায় উসকানি, অর্থের জোগান এবং ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে। বিচার প্রক্রিয়ায় এসব অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করেছিল। বিপরীতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছিলেন যে, আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পাবেন।
ওবায়দুল কাদের ছাড়াও এই মামলায় অভিযুক্ত অন্যান্য শীর্ষস্থানীয় আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।








