জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের আয়োজনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর। এবারের সাধারণ বিতর্ক নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।
২৪ সেপ্টেম্বর তার ভাষণ দেওয়ার বিষয়টি সরকারি বার্তা সংস্থা বাসসও জানিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রথম জাতিসংঘ ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, অগ্রাধিকার এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরার কথা রয়েছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের তৃতীয় দিন। একই দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ বিষয়টি এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘের এবারের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হচ্ছে—“Restoring trust, managing transformation: A United Nations that delivers for all.” শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তারেক রহমান। সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরার সুযোগ থাকবে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।








