জাতীয়

বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার:প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

⎙ প্রিন্ট
বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার:প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বা ‘ইনভেস্টমেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর, নৌপথ, উপকূলীয় অর্থনীতি এবং আঞ্চলিক সংযোগের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশকে বৃহত্তর বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করার সুযোগ রয়েছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, সমুদ্রসম্পদ ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরকে এমন একটি অঞ্চলে পরিণত করতে হবে, যেখানে দেশগুলো পারস্পরিক ও সমান সুবিধার ভিত্তিতে একসঙ্গে অগ্রসর হবে। বাংলাদেশের অভিন্ন ভৌগোলিক বাস্তবতাকে অভিন্ন সমৃদ্ধিতে রূপ দেওয়ার লক্ষ্যেও আরও গভীর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা, যুব কর্মসংস্থান, কৃষি, পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষার বিষয়ও উঠে আসে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এবারের আয়োজনে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। ভূরাজনীতি, প্রযুক্তি, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এতে আলোচনা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ