বগুড়া শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকা জব্দ করেছে। অভিযানে গ্রেফতার করা হয়েছে স্বামী-স্ত্রী মোঃ আবুল কালাম আজাদ (৩৯) এবং তার স্ত্রী মোছাঃ সুফিয়া বেগম (৩২)। তারা বর্তমানে ফুলবাড়ী বিসিক, বগুড়া এলাকার শাহী মসজিদ সংলগ্ন একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, একটি চক্র বিসিক এলাকার ভাড়া বাসায় ইয়াবা মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ অভিযান চালালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন, তবে ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।তদন্তে পাওয়া যায়, গ্রেফতারকৃতদের দেখানো জায়গা থেকে ঘরের ওয়্যারড্রবের একটি ড্রয়ারে রাখা ২০টি নীল রঙের পলিজিপার ব্যাগে মোট ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি আলামত সিলগালা করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। পুলিশ জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার (৮ মার্চ) তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আসামিরা ভাসমানভাবে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করতেন। উল্লেখ্য, গ্রেফতারকৃত সুফিয়া বেগমের সঙ্গে তার প্রায় দেড় বছর বয়সী একটি দুগ্ধজাত শিশু সন্তান রয়েছে।