বগুড়ায় শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন শহীদ পরিবারের নাতি শিমুল। রবিবার ০৭ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব বগুড়া ২০ নং ওয়ার্ডের চক আকাশতারা খাঁ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। শহীদ কমর উদ্দিন বাঙ্গির মা মোছাঃ জমেলা বেগম (৭০) বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নাতি মোঃ নাঈম ও শিমুল বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত মোঃ ইমরান হোসেন (২১), মোঃ ইমন (২০), মোঃ সোহান (২৭), মোঃ রাকিবুল (২১), মোঃ ইমরান (২০)সহ নারুলী তালপট্টির আরও ৭-৮ জন যুবক হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রথমে শিমুলকে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম করে। এরপর জমেলা বেগমের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুরসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে। হামলাকারীরা খুনের হুমকিও প্রদান করে বলে অভিযোগে উল্লেখ আছে।
গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসা কাজে ব্যস্ত থাকার কারণে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও জানান জমেলা বেগম।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
আপনার মতামত লিখুন