পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামে সেহরি খাওয়ার পর একই পরিবারের তিন সদস্য অচেতন হয়ে পড়ার পর তাদের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিষয়টি চাঞ্চল্যকর বলে উল্লেখ করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে এনামুল হক (৫০), তার স্ত্রী মরিয়ম (৪৫) ও মেয়ে সাবিহা (২০) সেহরি করার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। ভোরে পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনজনকেই অচেতন অবস্থায় দেখতে পান। ওই সময়ে ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল এবং আলমারিসহ বিভিন্ন স্থান থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে।
পরিবারের লোকজন দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানিয়েছেন, তিনজনের শরীরে কী কারণে এমন অবস্থা হয়েছে তা নিশ্চিতভাবে বলতে অন্তত ৭২ ঘণ্টা সময় লাগবে। তবে প্রাথমিক ধারণা তাদের খাবার বা পানীয়ের সঙ্গে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ মেশানো হয়েছিল।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
এ ধরনের ঘটনা পিরোজপুরসহ আশপাশের এলাকায় পূর্বেও ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে বিশেষ নজরদারি চেয়েছেন।
আপনার মতামত লিখুন