পিরোজপুর জেলার কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মৃত্যুর পর তাঁর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার ও জানাজা আয়োজনে ন্যক্কারজনক বাধার তীব্র নিন্দা ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের কালীবাড়ি মোড়ে জেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অবমাননা ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনে বাধা প্রদান শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং এটি দেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের ওপর সরাসরি আঘাত। ১৯৭১ রণাঙ্গনের অকুতোভয় সেনানিদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা আরও উল্লেখ করেন, যে বীর সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন, তাঁদের মৃত্যুর পর এমন ঔদ্ধত্যপূর্ণ ও ন্যক্কারজনক ঘটনা গোটা জাতিকেই গভীরভাবে লজ্জিত ও ম্রিয়মাণ করেছে। এই লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এর পেছনে জড়িত কুচক্রী মহল ও অপশক্তির সদস্যদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। অন্যথায় দেশের বীর মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক সমাজ আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। পরিশেষে, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।