নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে ব্যালটে থাকছে ‘না
জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের বিধানে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে জারি করা নতুন প্রজ্ঞাপনে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের বিধানে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে জারি করা নতুন প্রজ্ঞাপনে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলে ভোটারদের মতামত জানানোর সুযোগ দিতে ব্যালটে যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক। বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত তালিকায় ‘না’ প্রতীকসহ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। নতুন বিধানে বলা হয়েছে, স্থগিত থাকা প্রতীক ছাড়া নির্ধারিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া যাবে। ফলে স্থগিত থাকা ‘নৌকা’ প্রতীক কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বরাদ্দ দেওয়া যাবে না। সংশোধনীর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ প্রতীক। কোনো সংসদীয় আসনে একজন মাত্র প্রার্থী থাকলে ব্যালটে ওই প্রার্থীর প্রতীকের পাশাপাশি ‘না’ প্রতীক থাকবে। এর মাধ্যমে ভোটাররা একক প্রার্থীকে সমর্থন না করলে ব্যালটেই সেই মত প্রকাশের সুযোগ পাবেন। নতুন তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ যুক্ত হওয়ায় সংরক্ষিত প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১২০টিতে। তালিকায় ‘নৌকা’ প্রতীকটিও রয়েছে, তবে সেটিকে স্থগিত প্রতীক হিসেবে রাখা হয়েছে।








