জাতীয়

জেলা পরিষদ চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ

প্রিন্ট
জেলা পরিষদ চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভাসহ সব ধরনের প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র, আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং সংশ্লিষ্ট সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ অনুসরণ করে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে।

[TECHTARANGA-POST:12396]

এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকারি অনুষ্ঠান ও অন্যান্য প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয় সরকার বিভাগ আশা প্রকাশ করেছে, এই নির্দেশনা কার্যকর হলে জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানগুলোতে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানরা তাদের প্রাপ্য রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা যথাযথভাবে পাবেন।

সম্পর্কিত সংবাদ