জাতীয়

বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার, কারাগারে

⎙ প্রিন্ট
বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার, কারাগারে

বান্দরবানে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা শহরের মধ্যমপাড়ায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শৈক্যচিং মার্মা স্থানীয় বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে। তিনি এনসিপির বান্দরবান জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এক নারী বান্দরবান সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত নেতা। পরে জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর পরিচালিত একটি রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

এজাহার অনুযায়ী, শুক্রবার ওই নারীকে আবারও রিসোর্টে ডেকে নেওয়া হয়। সেখানে বিয়ের বিষয়ে কথা বলার একপর্যায়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগে শারীরিক নির্যাতনের কথাও উল্লেখ করা হয়েছে।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে শৈক্যচিং মার্মাকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

এদিকে, জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি নিয়ে জেলা কমিটি বিব্রত। দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত নেতার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে শৈক্যচিং মার্মার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।


সম্পর্কিত সংবাদ