ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার ২জন গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সরকারী রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ডেলিভারি ভ্যান তল্লাশি করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৩৮৬টি অবৈধ ও নকল সরকারী বিশেষ রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়।এ সময় স্ট্যাম্প পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন—রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের মোঃ শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার মোঃ রাকিব হোসেন (৩০)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং দেশের বিভিন্ন স্থানে এসব নকল ব্যান্ডরোল সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (৫ এপ্রিল) বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, “সরকারি রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের বাজারজাত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল ব্যান্ডরোল তৈরী ও সরবরাহকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।” পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যান্ডরোলগুলো কোন কোন পণ্যে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্ক শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ায় প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার ২জন গ্রেফতার