কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন ঘরের মাটির দেয়াল ভেঙে চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাতে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে তার ভাই ইফাদ হোসেনও। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক আবদুর রউপ।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টায় পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের পূর্বপাড়া মিয়াজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জান্নাতুল নাইমা ও তার ভাই ইফাদ নির্মাণাধীন ঘরের দেয়ালে ইঁদুরের গর্ত দেখে লাঠি দিয়ে আঘাত করলে দেয়ালটি ভেঙে দুজনের ওপর পড়ে। দুজনেই চাপা পড়ে আহত হন।বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, জান্নাতুলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় পাঠানো হয়েছিল। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। ইফাদের অবস্থার উন্নতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল নাইমা ও চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ইফাদ হোসেন পৌর এলাকার ফল ব্যবসায়ী আবুল খায়েরের সন্তান। সোমবার সকালে জানাজা শেষে জান্নাতুলকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।