ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় একটি গভীর পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কটক বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে নামে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি চৌকস দল। রাত ৩টা থেকে শুরু হওয়া এই অভিযানে দুটি পুকুরের পানি সেঁচে তল্লাশি চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তলসহ মোট ছয়টি আগ্নেয়াস্ত্র, ২৯ রাউন্ড তাজা বুলেট এবং বিপুল সংখ্যক চাইনিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র।অভিযান শেষে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত অস্ত্রগুলো জনসমক্ষে আনা হয়। পরে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি জানান, অপরাধীরা অস্ত্রগুলো লুকিয়ে রাখতে পুকুরের তলদেশ ব্যবহার করেছিল। অভিযানটি অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে এবং দীর্ঘ সাড়ে আট ঘণ্টা পর বিপুল পরিমাণ এই অস্ত্রভাণ্ডার উদ্ধার করা সম্ভব হয়।মেজর সাদমান ইবনে আলম আরও উল্লেখ করেন যে, এই বিপুল পরিমাণ অস্ত্র কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই র‍্যাবের গোয়েন্দা শাখা কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষে অনুসন্ধান প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার