চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত পৃথক অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া করিম হাজির গ্রামের মো. সাজেমান আলী ওরফে রবিউলের ছেলে মো. সেরাজুল ইসলাম (৪১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এর উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় সচেতন মহল ডিএনসির এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকের বিস্তার রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।