ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা, ২ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ তৎপরতায় পৃথক তিনটি ঘটনায় সাজা, মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব অভিযানে মোট পাঁচজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।থানা সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে ইমাম (২০) ও মোমিন (২০) নামের দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এদিকে, বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকায় পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ নাহিদ হাসান আদনান (২৯) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় মামলা (নং-২৭) দায়ের করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।একই রাতে নাগরী ইউনিয়নে আরেকটি অভিযানে আকলিমা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে পৃথক মামলা (নং-২৯) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।অপরদিকে, একই ইউনিয়নের মধ্য পানজোড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় মিলন মিয়া (৪৮) ও শাহআলম (৪০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভাঙা অবস্থায় প্রায় ২০ গ্রাম ইয়াবা (প্রায় ২০০ পিসের সমতুল্য) এবং আরও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৮) দায়ের করে আদালতে পাঠানো হয়। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা, ২ জনের কারাদণ্ড