সিরাজগঞ্জের তাড়াশে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভাদাস এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছেন এমন খবর পেয়ে এলাকাবাসী তিনজনকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন।ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর ইসলাম (২৫), মৃত জামাল উদ্দিনের ছেলে, আলামিন (২২) এবং ঈমান আলীর ছেলে শাকিল রানা (১৯)কে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে নুর ইসলাম ও আলামিনকে ১৫ দিন করে এবং শাকিল রানাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক সেবন ও মাদকসংক্রান্ত সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।