ঝালকাঠির রাজাপুর উপজেলাতে উফশি জাতের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার ৩ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।এ সময় আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ৬টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি উফশি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। মোট ৩ হাজার ৩ শত কৃষক এ প্রণোদনার আওতায় এসব উপকরণ পাচ্ছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খরচ কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত কৃষকরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।