ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়মিত তদারকি করছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যাতে কাঙ্ক্ষিত ও মানসম্মত চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হাসপাতালের সেবার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন তিনি।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেন সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও স্থান ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধপত্র, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার, হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানূল হক তন্ময়, চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।পরিদর্শনকালে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল। তাই জনগণ যাতে এখান থেকে প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, তা নিশ্চিত করতে হবে। এ জন্য হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা যাতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল