বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মহিষ্ট গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন গোপালগঞ্জের নাসরীন আক্তার নামের এক তরুণী| তাঁর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসী এনামুল হক তাঁর কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়েছেন| বর্তমানে বিয়ে করতে এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানোয় তিনি অনশনে বসেছেন| অভিযোগকারী নাসরীন আক্তার জানান, প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে মহিষ্ট গ্রামের মালয়েশিয়া প্রবাসী এনামুল হকের সঙ্গে তাঁর পরিচয় হয়| একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| ওই সময় এনামুল বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলেও দাবি করেন তিনি| নাসরীনের ভাষ্য, বিয়ের বিভিন্ন প্রয়োজন ও ব্যক্তিগত সমস্যার কথা বলে এনামুল বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নেন| কিন্তু সম্প্রতি এনামুল বিয়ে করতে এবং নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান| এ অবস্থায় নিজের দাবি আদায়ের লক্ষ্যে তিনি এনামুলের বাড়িতে এসে অনশন শুরু করেছেন| বিয়ে অথবা পাওনা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান| এ ঘটনায় অভিযুক্ত প্রবাসী এনামুল হকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি| অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে| এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি|