ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এস এম পারভেজ

এস এম পারভেজ

স্টাফ রিপোর্টার


হায়দারগঞ্জ বাজারে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকায় সরকারি খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আদম বেপারী মোঃ নাছির উদ্দীন হাওলাদারের দিকে। স্থানীয়রা জানিয়েছেন, হায়দারগঞ্জ বাজার সংলগ্ন খালটি একসময় প্রায় ৬৫ ফুট প্রশস্ত ছিল, যা দিয়ে নৌকাযোগে বাজারে পণ্য আনা-নেওয়া করা হতো। দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে খালের প্রস্থ কমে প্রায় ২৫ ফুটে নেমেছে। অভিযোগে বলা হয়, কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহলের সহায়তায় খালের মধ্যে পিলার ঢালাই করে স্থাপনা নির্মাণের কাজ চলছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতার সম্ভাবনা দেখা দিতে পারে। হায়দারগঞ্জ তহসিলদার জানিয়েছেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি বলেন, দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে এবং খালের দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নির্মাণকারীর দাবি, এটি সরকারি খাল নয়, বরং তার পৈতৃক সম্পত্তি। স্থানীয়দের মতে, খাল দখল অব্যাহত থাকলে পরিবেশ, জলাবদ্ধতা, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের দাবি জানিয়েছেন।

হায়দারগঞ্জ বাজারে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে