হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজিদের মধ্যে ১৯ লাখ কপি পবিত্র কুরআন ও এর অনূদিত সংস্করণ বিতরণ শুরু করেছে সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। সৌদি বাদশাহ সালমানের উপহার হিসেবে পরিচালিত এ কর্মসূচির আওতায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্থান টার্মিনালে কুরআন বিতরণ করা হচ্ছে, যাতে দেশে ফেরার আগে হাজিরা সহজেই কপি সংগ্রহ করতে পারেন।সৌদি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মদিনার কিং ফাহাদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত ১৯ লাখ কপি কুরআন ও অনুবাদ এ কর্মসূচির আওতায় বিতরণ করা হচ্ছে। ৮০টিরও বেশি ভাষায় অনূদিত এসব সংস্করণ হাজিদের নিজস্ব মাতৃভাষায় কুরআনের শিক্ষা ও বার্তা অধ্যয়নের সুযোগ করে দেবে।মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে দিনরাত অব্যাহতভাবে এ কার্যক্রম চলবে। ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-আলশেখ বলেন, বিশ্বব্যাপী পবিত্র কুরআনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকারেরই প্রতিফলন এ উদ্যোগ। বিদায়ী হাজিদের কাছে সুশৃঙ্খলভাবে কুরআন পৌঁছে দিতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।এদিকে হজ শেষে দেশে ফেরা হাজিদের প্রথম ফিরতি ফ্লাইটগুলোর যাত্রা-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেছে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট বিভাগ। হজ-পরবর্তী যাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর। একই সঙ্গে আন্তর্জাতিক হাজিদের নির্ধারিত ভ্রমণসূচি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ পালন করেছেন, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি। তাদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন সৌদি আরবের বাইরে থেকে এসেছেন। বিদেশি হাজিদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন বিমানপথে ভ্রমণ করেছেন। অন্যদিকে সৌদি নাগরিক ও বাসিন্দা মিলিয়ে হজ পালন করেছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।