ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পলাশবাড়ীতে দৃষ্টিনন্দন রাধা-গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্স: আধ্যাত্মিকতা, মানবসেবা ও সম্প্রীতির অনন্য মিলনস্থল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর বৃন্দাবন পাড়ায় গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী এক দৃষ্টিনন্দন মন্দির কমপ্লেক্স- শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। এটি কেবল একটি উপাসনালয়ই নয়; বরং আধ্যাত্মিকতা, মানবসেবা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য কেন্দ্র হিসেবে ধীরে ধীরে পরিচিতি লাভ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, এই মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। দীর্ঘদিনের স্বপ্ন, নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের ফলেই তিনি এই বিশাল কমপ্লেক্স গড়ে তুলতে সক্ষম হয়েছেন। স্থানীয় মানুষের সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনে ধাপে ধাপে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান।মন্দির প্রাঙ্গণে ধর্মীয় উপাসনার পাশাপাশি গড়ে তোলা হয়েছে নানা সেবামূলক উদ্যোগ। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে গুরুকুল বা গীতা শিক্ষা স্কুল। এছাড়াও অসহায় ও বৃদ্ধ মানুষের জন্য রয়েছে বৃদ্ধাশ্রম, আর এতিম শিশুদের আশ্রয়ের জন্য রয়েছে অনাথ আশ্রম।জ্ঞানচর্চা ও ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে স্থাপন করা হয়েছে একটি ধর্মীয় লাইব্রেরি। ভবিষ্যতে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখানে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।মন্দির কমপ্লেক্সের ভেতরেই নির্মাণ করা হয়েছে একটি ছোট, নান্দনিক গ্রাম- যার নাম দেওয়া হয়েছে “কৃষ্ণনগর”। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চালু করা হয়েছে মোম, সিঁদুর ও আগরবাতি তৈরির কারখানা।দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের থাকার জন্য রয়েছে ভক্তিনিবাস, যেখানে প্রায় ৪০টি সুসজ্জিত কক্ষ রয়েছে। দর্শনার্থীদের খাবারের জন্য চালু রয়েছে জগন্নাথ ভোজনালয় ও মা লক্ষ্মী ভান্ডার, যেখানে সুশৃঙ্খলভাবে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।স্থানীয়দের মতে, এই মন্দির কমপ্লেক্স কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি মানবতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীরা এখানে ভিড় করছেন, যা ধীরে ধীরে এটিকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্রে পরিণত করছে।

পলাশবাড়ীতে দৃষ্টিনন্দন রাধা-গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্স: আধ্যাত্মিকতা, মানবসেবা ও সম্প্রীতির অনন্য মিলনস্থল