ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা বগুড়ার শিল্পপতি শিরু কারাগারে

বগুড়া: বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়ার শিল্পপতি ও ব্যবসায়ী শফিকুল ইসলাম শিরু (৬০) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আদালতে জামিন নিতে হাজির হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক তাসকিন আহমেদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন রাসেল।আসামি শফিকুল ইসলাম শিরু বগুড়ার শেরপুর উপজেলার শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রির মালিক হিসেবে পরিচিত। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফরুজা আক্তার লিপি-এর সঙ্গে ২০১০ সালে শিরুর বিয়ে হয় এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে ১৪ বছর। তবে সন্তানের জন্মের পর থেকেই শিরু পিতৃত্ব অস্বীকার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চেয়ে ২০১৯ সালে শেরপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী, যা বর্তমানে সোনাতলা সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে। একই বছরের ২৭ আগস্ট শিরু তাকে তালাক দেন। পরবর্তীতে দেনমোহর, খোরপোষ ও সন্তানের ভরণপোষণের দাবিতে আরও একটি মামলা করা হয়।অভিযোগে বলা হয়, এসব মামলা প্রত্যাহারের শর্তে শিরু পুনরায় বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে আস্থা রেখে ভুক্তভোগী কিছু মামলা প্রত্যাহার করলেও শিরু তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভনে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়।সর্বশেষ ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর বিয়ের কথা পুনরায় বললে শিরু তা প্রত্যাখ্যান করেন। পরে গত ১০ নভেম্বর শেরপুর থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।ভুক্তভোগী আফরুজা আক্তার লিপি বলেন, “শিরু আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আমার সন্তানের পিতৃত্ব স্বীকার করছেন না। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তা না রেখে আমার সঙ্গে জঘন্য অপরাধ করেছেন।” তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।বাদীপক্ষের আইনজীবী জানান, এ মামলায় আসামি পূর্বে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। তবে বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজির হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি বগুড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা বগুড়ার শিল্পপতি শিরু কারাগারে