চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবস্থিত ‘ফ্যান্টাসি চুয়াডাঙ্গা’ পার্কে ঘুরতে এসে এক কিশোরী ও তার বন্ধুকে ব্ল্যাকমেইলের শিকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।ঘটনাটি ঘটে গত শনিবার (১৮ এপ্রিল) দুপুরে পার্ক এলাকায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী তার বন্ধু মেহেদী হাসান শুভকে নিয়ে ওইদিন সকালে ফ্যান্টাসি পার্কে ঘুরতে আসেন। দুপুর আনুমানিক ১২টার দিকে পার্কের পূর্ব পাশে তারা অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাদের গতিবিধি লক্ষ্য করে কাছে গিয়ে ছবি ও ভিডিও ধারণের ভয় দেখায়।অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভুক্তভোগীদের মান-সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দিয়ে প্রথমে ১ হাজার ৫০০ টাকা আদায় করে। এরপর আরও ১০ হাজার টাকা দাবি করে চাপ সৃষ্টি করতে থাকে।পরবর্তীতে ভুক্তভোগীরা বিষয়টি দামুড়হুদা মডেল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং সদর উপজেলার পীরপুর গ্রামের টাপু বিশ্বাসের ছেলে সজিব বিশ্বাস (১৯)। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই সহযোগী রাকিবুল (২৬) ও রুবেল (২০) পালিয়ে যায় বলে জানা গেছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছে। এদিকে, প্রকাশ্য স্থানে এ ধরনের ব্ল্যাকমেইল ও হয়রানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।