ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাটিরাঙায় জেএস সন্তু পন্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলায় জেএসএস (সন্তু লারমা) পন্থী সশস্ত্র সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। মাদক ও গরু পাচার, সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ, এমনকি বসতবাড়িতে অবস্থান নেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে সংগঠনটির কিছু সদস্যের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল মাটিরাঙ্গা উপজেলার সর্বেশ্বর পাড়ায় বিয়ার জব্দ ও ধ্বংসের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সংক্রান্ত কিছু ছবি প্রকাশিত হলে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়। অনেকের দাবি, ঘটনাটি স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।অন্যদিকে পানছড়ি উপজেলার দুদুকছড়া ও রুপসেন পাড়ার বাসিন্দাদের অভিযোগ, কিছু সশস্ত্র সদস্য মাদক ও গরু পাচারের সঙ্গে জড়িত। এসব অবৈধ কর্মকাণ্ডে ‘টেক্স’ বা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। স্থানীয়রা আরও দাবি করেন, এসব ঘটনায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তাদের ওপর কঠোর আচরণ করা হচ্ছে।ভগবানটিলা ও বান্দরসিং পাড়া এলাকার বাসিন্দারা জানান, চলাচলে বিধিনিষেধের কারণে তাদের দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে জুম চাষ ও মৌসুমি কচু চাষে সমস্যা দেখা দিয়েছে। সামনে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বড় উৎসব বৈসু-বিজু-সাংগ্রাই ঘনিয়ে এলেও বর্তমান পরিস্থিতিতে অনেকেই উৎসব আয়োজন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।এছাড়া পানির সুবিধা রয়েছে এমন কিছু বসতবাড়িতে সশস্ত্র সদস্যদের অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।স্থানীয় সূত্র আরও জানায়, সংগঠনটির কিছু শীর্ষ নেতার এলাকায় অনুপস্থিতির কারণে নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে কয়েকজন সদস্য দলত্যাগ করেছেন বলেও আলোচনা রয়েছে, যা সংগঠনটির অভ্যন্তরীণ অবস্থানকে দুর্বল করে তুলতে পারে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে।

মাটিরাঙায় জেএস সন্তু পন্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ