সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ Tajul Islam ওরফে ‘তাজু ভাই ২.০’-এর ফেসবুক পেজ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে করে তার ভক্ত-অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ।রবিবার (৫ এপ্রিল) দুপুর থেকে অনেক ব্যবহারকারী জানান, ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত পেজটি সার্চ করলেও আর দেখা যাচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন পেজটি হ্যাক হতে পারে, আবার অনেকের মতে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে এটি সাময়িকভাবে রেস্ট্রিক্ট বা সরিয়ে দেওয়া হতে পারে।তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র বা তাজু ভাই নিজেও এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।উল্লেখ্য, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা তাইজুল ইসলাম তার ভিন্নধর্মী উপস্থাপনায় ভিডিও তৈরি করে অল্প সময়েই সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার ‘বুম হাতে সাংবাদিক স্টাইল’ ভিডিওগুলো নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, ভাইরাল হওয়ার পর পেজটি টার্গেট হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, কনটেন্ট পলিসি লঙ্ঘনের কারণে ফেসবুক নিজেই এটি নামিয়ে দিতে পারে। এ বিষয়ে স্পষ্ট তথ্য জানতে সংশ্লিষ্ট পেজের অ্যাডমিন বা ফেসবুক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সবাই।