ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত


নবীগঞ্জ মেলায় জনদুর্ভোগ, নিরাপত্তা ও নৌযানে অতিরিক্ত যাত্রী নিয়ে ক্ষোভ

ঐতিহাসিক কদম রসূল দরগাহ শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় এসে যাতায়াতের ভোগান্তি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। বিপুল মানুষের সমাগমে অপ্রশস্ত সড়কে যানজট, নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং চুরি-পকেটমারির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা।মেলা প্রাঙ্গণ ঘুরে এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীগঞ্জ জেটি সংলগ্ন সড়কটি তুলনামূলক সরু হওয়ায় মেলায় আসা মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কটিতে মানুষের জটলা ও যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় পাশাপাশি কয়েকজনের চলাচলও কঠিন হয়ে পড়ছে।অন্যদিকে নদী পারাপারের সময় নৌযানে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ করেছেন দর্শনার্থীরা। তাদের দাবি, কোনো কোনো নৌকায় একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী তোলা হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। ফেরিঘাট এলাকাতেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। তাদের অভিযোগ, ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে উঠেছে। তল্লা এলাকার বাসিন্দা জব্বার বলেন, মেলার ভিড়ের মধ্যে তার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি হয়েছে। তার মতো আরও কয়েকজন দর্শনার্থীও মোবাইল ফোন ও মানিব্যাগ হারানোর অভিযোগ করেছেন।এ ছাড়া মেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন দর্শনার্থী। তাদের অভিযোগ, পর্যাপ্ত নজরদারি না থাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ও অবৈধ কার্যক্রমের সুযোগ তৈরি হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।দর্শনার্থীরা বলেন, ঐতিহ্যবাহী নবীগঞ্জ মেলায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। তাই মেলা চলাকালে নিরাপত্তা জোরদার, জেটি ও ঘাট এলাকায় শৃঙ্খলা নিশ্চিত এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়ন জরুরি। তারা মেলা এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো, চুরি ও পকেটমারি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ মেলায় জনদুর্ভোগ, নিরাপত্তা ও নৌযানে অতিরিক্ত যাত্রী নিয়ে ক্ষোভ