লোহাগড়ায় বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ প্রবাসী যুবক গ্রেফতার
নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ শিকদার লিমন (৩৫) নামে এক প্রবাসী যুবককে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রোববার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ।গ্রেফতার শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর মালয়েশিয়ায় অবস্থান করেছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়।পুলিশ জানায়, গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় যে, ইতনা পশ্চিমপাড়ার শিকদার লিমন ও তার সহোদর শিকদার রিয়াজ সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন। এ তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশের সমন্বয়ে শনিবার মধ্যরাতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।তল্লাশিকালে বাড়ির বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমনের ব্যবহৃত ভিসার মেয়াদ থাকা তিনটি পাসপোর্টও জব্দ করা হয়েছে।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।