ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের নিতাইগঞ্জ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ২ নম্বর রেলগেট ও চাষাঢ়া মোড়সহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফের নিতাইগঞ্জে এসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর নেতৃত্বে আয়োজিত এই জশনে জুলুসে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় নাত ও দরুদসহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী। উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার পর থেকেই নারায়ণগঞ্জে প্রতিবছর ধারাবাহিকভাবে এই ঐতিহ্যবাহী আয়োজন হয়ে আসছে।ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন কমিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, "শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে বিগত ৪০ থেকে ৫০ বছর ধরে এই আয়োজন চলে আসছে। আজ পর্যন্ত মুর্শিদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, কওমি, সুন্নি বা আলিয়া পরিচয় যা-ই হোক না কেন, রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের প্রশ্নে কোনো মতপার্থক্য নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, "ইসলাম ও নবীর আদর্শকে ভিন্ন পথে পরিচালিত করতে পৃথিবীব্যাপী সক্রিয় রয়েছে ষড়যন্ত্রকারী গোষ্ঠী। অর্থের বিনিময়ে ঈমানহরণের অপচেষ্টা প্রতিরোধ করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব।"অন্যদিকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, "মহানবী (সা.)-কে নিয়ে কোনো কটাক্ষ করা হলে তার মোকাবিলা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। তবে নবীর সুনির্দিষ্ট আদর্শের বাইরে কোনো অশুভ নির্দেশনা বা ফতোয়া মেনে নেওয়া হবে না।"আলোচনা সভা শেষে সমগ্র দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও শোভাযাত্রার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপিত